
দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মানবিক ও সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। জনকল্যাণমূলক এ উদ্যোগে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পেইনটিকে একটি সফল আয়োজন হিসেবে পরিণত করে।
দিরাই উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পেইনে প্রায় ২০০ জন মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিকভাবে ফলাফল জানিয়ে দেওয়া হয়। অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের গ্রুপ শনাক্ত করার সুবিধা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। তাদের মতে, রক্তদান একটি মহৎ মানবিক কাজ—যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন কার্যক্রমের মাধ্যমে মানুষকে রক্তদানে আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবু সাঈদ ইসহাক। তিনি তার বক্তব্যে বলেন, মানবসেবার উদ্দেশ্যে খিদমাহ ব্লাড ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহকারী পরিচালক সায়নান সায়েম এবং সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আরিয়ান নাহিদ। এছাড়াও দিরাই উপজেলা শাখার পরিচালক মাওলানা তাফাজ্জুল ইসলামসহ সহ-পরিচালক ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
জুমার নামাজের পর শুরু হওয়া এই ক্যাম্পেইন বিকাল পর্যন্ত চলমান থাকে। নির্ধারিত সময়জুড়ে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারী অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী হিসেবে উল্লেখ করে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে নিয়মিত এমন আয়োজন করার আহ্বান জানান।
উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক ২০১৬ সালের ১৩ আগস্ট মাওলানা আবদুর রহমান কফিলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের ৩৩টি শাখার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু রক্তের গ্রুপ নির্ণয়ই নয়, বরং একটি সচেতন ও সহমর্মী সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে খিদমাহ ব্লাড ব্যাংক।
পরিশেষে, সফলভাবে এ আয়োজন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য জাবির হুসাইন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।