নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের অনেকের মাথায় ছিল হেলমেট। বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই মহড়া চলে, যার ফলে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিপালনকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের বিশেষ কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
স্থানীয় তথ্য অনুযায়ী, সকাল আটটার দিকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় নেতা-কর্মীরা সমবেত হন। পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের তত্ত্বাবধানে আয়োজিত খাবারের পর একটি মিছিল গাবতলা মোড় ও বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হক এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকায় সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি মিছিল বের হয়। মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট এলাকায় একত্র হয়ে শহরের ব্যাংকপাড়ায় থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে উল্লাস প্রকাশ করে।
বিক্ষোভের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলা হয়। শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধও সৃষ্টি করেন তারা।
একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। এপিসির ওপর দাঁড়িয়েও অনেককে স্লোগান দিতে দেখা যায় এবং যানটির গায়ে লাল রঙে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়। ঘটনার বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি। এছাড়া জেলা পুলিশের দায়িত্বশীল তিনজন কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

