রংপুরের তারাগঞ্জে বাস ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জিয়ারগলা এলাকায় ঘটা এই ঘটনায় বাসচাপায় ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। এ সময় আরও এক যাত্রী গুরুতর আহত হন। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের মুকুল (৩০) ও শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমিল্লা থেকে সাইমুম পরিবহণের একটি বাসে করে তারা বাড়ি ফিরছিলেন। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের তর্ক শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় পৌঁছালে মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুকুল ও শাকিল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহায়তায় খিয়ারজুম্মা বাজার এলাকায় বাসটি আটক করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত আতিকুল ইসলামকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। তিনি জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

