ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এবারই প্রথম তিনি কোনো সরকারি নথির জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেন। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই আবেদন জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনা তার রয়েছে, এটি সেই লক্ষ্যের দিকেই সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা তার ক্ষমতার অবসান ঘটার পর এটিই তার প্রথম এমন উদ্যোগ। তার এমন সিদ্ধান্তে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন বর্তমান বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে।
এর আগে শেখ হাসিনা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তিনি আইনি লড়াই ও আদালতে আত্মসমর্পণের জন্য দেশে ফিরতে চান। তার ঘনিষ্ঠ সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। তবে নির্বাসনে থাকা অবস্থায় তিনি এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের খবর পাওয়ার প্রেক্ষাপটে তারা এই নতুন আবেদন করছেন। তারা দ্রুততার সাথে এই আবেদনগুলো প্রক্রিয়াধীন করার অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রীতি রহমান বা ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, সরকার যখন অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করতে পারে। একইসঙ্গে, তার আশ্রয়ের কারণে নয়াদিল্লির সাথে বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এখন এই নতুন পরিস্থিতির ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ পরিবর্তনেরও সম্ভাবনা তৈরি হয়েছে। তার দলের অনেক নেতাকর্মী বর্তমানে কারাবন্দি অথবা স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে। নয়াদিল্লি তাকে আশ্রয় দেয়ার পর যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল।

