শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতে বৃটিশ সরকারের হস্তক্ষেপ চেয়ে ৬ এমপির চিঠি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি সামনে রেখে তার আইনি সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক প্রতিহিংসা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। গত ৪ নভেম্বর বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে প্রকাশিত একটি নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান যে, তিনি সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন। তারা শেখ হাসিনার বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত ও বিচারের গুরুত্ব যেমন স্বীকার করেছেন, তেমনি অভিযুক্তের মানবাধিকার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন। তাদের লক্ষ্য দায়মুক্তি দেওয়া নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা।

চিঠিতে বৃটিশ সরকারের কাছে চারটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা দেশে ফিরলে যেন মৃত্যুদণ্ড কার্যকর না করা হয় সেই বিষয়ে লিখিত নিশ্চয়তা আদায় এবং আটকের ক্ষেত্রে নির্যাতন ও গুমের ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও কার্যকর আইনি প্রতিকারের নিশ্চয়তা। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় পুরো বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও পর্যবেক্ষণ। চতুর্থত, রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধপরায়ণ আচরণ বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপে কূটনৈতিক সহায়তা প্রদান।

বব ব্ল্যাকম্যানের নিবন্ধে ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, সহযোগী দেশগুলোর মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং মধ্যস্থতার সময়সূচি কী—তা লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা না হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।