বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বড় ধরনের গরমিল খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি জানান, ফরেনসিক অডিটের মাধ্যমেই মূলত এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়, এটি নিজের সঙ্গে প্রতারণা করার শামিল। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং পরিসংখ্যান বিভাগের জনবল ঘাটতির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও স্পষ্ট করেন যে, অতীতের অনিয়মের গভীরে পৌঁছানোর লক্ষ্যেই এই অডিট পরিচালনা করা হয়েছে, কাউকে বিশেষ লক্ষ্যবস্তু করার জন্য নয়। তথ্যের অবাধ প্রবাহ যত বাড়বে, ভুল ও অসংগতিগুলো তত দ্রুত সামনে আসবে এবং তা সংশোধনের সুযোগ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে এই প্রতিবেদনটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

