ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং গ্যাসক্ষেত্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, হামলাস্থল থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জরুরি ভিত্তিতে গ্যাসক্ষেত্রের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে নিরাপত্তার খাতিরে এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে গত জুলাই মাসে ডানা গ্যাস কর্তৃপক্ষ তাদের প্রধান স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল, যা পরবর্তীতে পুনরায় চালু করা হয়।
এই হামলার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর। কুর্দিস্তানের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি বন্ধ হয়ে যাওয়ার ফলে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এটি বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে।

