ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই শর্ত মেনেই গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশন সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়কাল কম রাখা হয়েছে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। নিয়মিত প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়টিও তালিকায় রয়েছে।

অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি চূড়ান্ত করতে গত রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।

এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তরের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণার প্রস্তাব রাখেন, যা উপস্থিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন।