নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালীন সময়ে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ট্রেনের ‘ড’ বগিতে এই নাশকতার ঘটনাটি ঘটে। এতে বগিটির অন্তত চারটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর দায়িত্বরত গার্ড এবং অন্যান্য কর্মীরা খাবার ও বিশ্রামের জন্য দূরে ছিলেন। সেই সুযোগে দুষ্কৃতকারীরা খালি ট্রেনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরোপুরি আগুন নেভান। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫ টার দিকে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁকা ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অগ্নিকাণ্ডের পরও ট্রেনটির শিডিউলে কোনো প্রভাব পড়েনি এবং এটি নির্ধারিত সময়েই যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে।

