কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন ওয়েবসাইট উদ্বোধন

কাতারের রাজধানী দোহায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বন্ধুসভা কাতার। ১৩ নভেম্বর শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন। এরপর বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে ও দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমানের সঞ্চালনায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন বক্তব্য রাখেন। তাঁরা গত ছয় বছরে কাতারে সংগঠনের কার্যক্রম, সদস্যদের পারস্পরিক মেলবন্ধন এবং প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও নতুন বন্ধু হাবিব তাঁদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতে সমাজ ও মানুষের কল্যাণে আরও সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। কাতার শাখা অর্ধযুগে পদার্পণ করায় সাংগঠনিক কার্যক্রম আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা আবজল আহমেদ ওয়েবসাইটটির উদ্বোধন করেন। একই সঙ্গে ওয়েবসাইটটি নির্মাণ ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, কাতারে বন্ধুসভার এই জয়যাত্রা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী হবে এবং মানবিক কাজের পরিধি বৃদ্ধি পাবে। অনুষ্ঠান শেষে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে সব সদস্যের অংশগ্রহণে উৎসবটি পূর্ণতা পায়।