চীনের বিশাল ভূগর্ভস্থ জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা

চীনের জিনশা নদীর দুর্গম ও খাড়া গিরিখাতে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রটি আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য দৃষ্টান্ত। খাড়া পাহাড়ি ভূপ্রকৃতিতে এই বাঁধের স্থানটি অসম আকৃতির ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো একটি উপত্যকায় অবস্থিত।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণে বিরূপ আবহাওয়া ও জটিল ভৌগোলিক চ্যালেঞ্জ জয় করতে হয়েছে। প্রকল্পটির পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং-এর তথ্যমতে, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে সাত কোটি মানুষের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম। বর্তমানে প্রায় ৪০০ কর্মীর নিরলস পরিশ্রমে কেন্দ্রটি সচল রয়েছে। এই কেন্দ্র নির্মাণে ভূপ্রকৃতি ও আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করতে হয়েছে।

উৎপাদনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই কেন্দ্র থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রকল্পটির লক্ষ্যমাত্রা বছরে গড়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। কেন্দ্রটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট। জিলুওদু জলবিদ্যুৎকেন্দ্র থেকে এটি ১৯৫ কিলোমিটার এবং উডংদে জলবিদ্যুৎকেন্দ্র থেকে ১৮২ কিলোমিটার উজানে অবস্থিত। এর আগে রয়েছে উডংদে এবং এর পরের দুটি প্রকল্প হলো জিলুওদু ও শিয়াংজিয়াবা। এর ভিত্তিতে একটি কুশন স্ল্যাব ও দুটি সহায়ক বাঁধ রয়েছে।

প্রকল্পটির কৌশলগত অবস্থান সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি ও ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টিতে বিস্তৃত। বাঁধটির নিয়ন্ত্রণাধীন অববাহিকার আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার, যা জিনশা নদীর অববাহিকার প্রায় ৯১ শতাংশ। এর প্রধান উদ্দেশ্যের মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও বন্যানিয়ন্ত্রণ, নৌ চলাচল নিশ্চিত করা এবং স্থানীয় আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়ন। জলাধারের মোট দুই হাজার কোটি ঘনমিটার ধারণক্ষমতার মধ্যে বন্যানিয়ন্ত্রণের জন্য ৭৫০ কোটি ঘনমিটার নির্ধারিত রয়েছে। প্রকল্পের প্রধান অবকাঠামোর মধ্যে রয়েছে নদীর প্রবাহ আটকে রাখার বাঁধ, পানি নিষ্কাশন ও শক্তি অপসারণের ব্যবস্থা এবং পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা।

বাঁধের কাঠামোটি কংক্রিটের দ্বিবক্র আর্চ ড্যাম হিসেবে নির্মিত, যার চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার। বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে প্রতিটি অংশে এক হাজার মেগাওয়াট ক্ষমতার আটটি করে মোট ষোলটি ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট বসানো হয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের জন্য মূল কাঠামোয় ছয়টি উপরিভাগের পথ, সাতটি গভীর নিষ্কাশনপথ এবং বাঁ তীরে তিনটি সুড়ঙ্গ যুক্ত করা হয়েছে।

নির্মাণশৈলীর দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, যেখানে ভূগর্ভস্থ বিশাল কক্ষগুলোর স্থিতিশীলতা বজায় রাখা ছিল প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথমবারের মতো স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলার ওপর এই বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছে। শক্ত ও ভঙ্গুর এই শিলাস্তর এবং এর অসংখ্য ফাটল সামলাতে বিশেষ প্রযুক্তিগত নকশা অনুসরণ করতে হয়েছে। ফলে খননকাজ তুলনামূলক সহজ হলেও স্থিতিশীলতা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। তাই আশপাশের শিলাস্তরের স্থিতিশীলতা বজায় রাখা ছিল বিশেষভাবে কঠিন।

প্রকৃতিগতভাবে এলাকাটি অত্যন্ত প্রতিকূল। এখানে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এবং বাতাসের গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রা পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া ভূমিকম্পের ঝুঁকি ও পাহাড়ের খাড়া ঢালের কারণে নিরাপত্তার বিষয়টি ছিল প্রকল্পের অন্যতম অগ্রাধিকার।

চীনের কর্মকর্তারা বাইহেতানকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের একটি প্রতীক হিসেবে দেখেন। তাঁদের দাবি, এটি দূরবর্তী বিদ্যুৎ চাহিদাসম্পন্ন অঞ্চলে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণকারী শক্তি সরবরাহে বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নদীগুলোর বন্যানিয়ন্ত্রণে এই অবকাঠামো একটি কার্যকর সুরক্ষাকবচ হিসেবে কাজ করছে।