সীমান্তের শূন্যরেখায় ৬ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এক নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর নিকটবর্তী এলাকায় গত ১০ নভেম্বর সকাল আটটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। ওই সময় স্থানীয় লোকজন ও জামালপুর ৩৫ বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফ তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী নো ম্যান্স ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান নিচ্ছেন। খোলা আকাশের নিচে টানা ছয় দিন ধরে তীব্র রোদে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার বিএসএফ ওই নারীকে পুশইনের চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি তা প্রতিহত করে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করার দাবি জানিয়েছেন।