ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে চলা শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকাগুলোতে কোনো ধরনের বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্যমতে, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং বাকি পাঁচটি কারখানা মৌখিকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। কারখানাগুলোর গেটে টাঙানো নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংস পরিস্থিতি এবং অবৈধ কর্মবিরতির কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা যথাসময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নেন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলে অস্থিরতা এড়াতে এখন পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন করে পাঁচটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করলেও অন্য সব প্রতিষ্ঠানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা তাঁদের চোখে পড়েনি।

