জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ১০০টির বেশি দেশের নেতারা নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং এ খাতে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন। তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে এসব উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এ একাত্মতা প্রকাশ করেছে। এর লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো এবং ভবনে দক্ষ বিদ্যুতায়নের ব্যবস্থা নিশ্চিত করা।
কপ-৩১ সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তিনি নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি এবং মজবুত অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। এ ছাড়া নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার প্রসারে ‘ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম’র মাধ্যমে প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো ও রিসাইক্লিং কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১০০টি জেলায় সম্প্রসারণ করা হবে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি ব্যবসায়ী নেতা অংশ নেন। সেখানে তুরস্ক ও চীন নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা তৈরি করা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনে দুই দেশ সহযোগিতা করবে। পাশাপাশি বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অর্থায়নের ক্ষেত্রে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সুরক্ষায় গঠিত ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’-তে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার ঘোষণা এসেছে। এর মধ্যে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদান দেবে।
কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংকটের কথা তুলে ধরে জানান, জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। তাই সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ জরুরি। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা বাড়াতে দেশগুলোর অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

