ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের ফলে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খেয়েছে কাতার। দেশটির আমির শুরা কাউন্সিলের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তবে এই সংকট কাটিয়ে ২০২৭ সালের মধ্যেই কাতার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুদ্ধের ভয়াবহ প্রভাবের পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায়, সংঘাতের কারণে কাতারের রাজস্ব আয় প্রায় ৪২ শতাংশ কমে গেছে। পাশাপাশি দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে প্রায় ১৪ শতাংশ সংকোচন লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।
তবে এই বিপর্যয় স্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেছেন শেখা আলানুদ। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৭ সালের শুরু নাগাদ কাতার পুনরায় উদ্বৃত্ত অর্থনীতিতে ফিরতে পারবে। তবে এই উত্তরণের পথে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন অস্থিরতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শীতে ইউরোপীয় দেশগুলোর জ্বালানির চাহিদা মেটাতে বিকল্প উৎস খোঁজার চাপ বাড়ছে। তার পূর্বাভাস, ২০২৭ সালের শুরুতেই কাতারের অর্থনীতি আবার উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে। তিনি বলেন, ইউরোপের দেশগুলোকে শীতকাল সামনে রেখে দ্রুত জ্বালানি সরবরাহের বিকল্প নিশ্চিত করতে হবে।
বিশ্লেষক উল্লেখ করেন, দীর্ঘ সময় যুদ্ধের পরিস্থিতি ও জ্বালানি সংকট চলতে থাকলে ইউরোপীয় ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়তে পারে, যা কাতারের জন্য বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে পোল্যান্ড কাতারের সাথে পূর্বনির্ধারিত একটি জ্বালানি চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা থাকলেও যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি বাজারের এই অস্থিরতা দেশটির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
