নিরাপত্তাজনিত উদ্বেগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের জেরে কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে গত বুধবার খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায় ইউএস সকার ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ করা ভ্রমণ সতর্কতা এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আলোকে প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি। নিয়ম অনুযায়ী, আগামী ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আসর শুরুর কথা ছিল। গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তৃতীয় স্তরের বা লেভেল-৩ ভ্রমণ সতর্কতা জারি করে। এতে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সৌদি আরবের অবকাঠামোয় হুতিদের হামলার পর এই কড়াকড়ি আরোপ করা হয়, যা কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের ক্ষেত্রেও কার্যকর রয়েছে।

ইউএস সকার ফেডারেশন তাদের চিঠিতে জানিয়েছে, ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর ফুটবলার এবং দলের স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ফেডারেশন ইতিমধ্যে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছে। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ নিয়ে কোনো মন্তব্য করতে বারণ করা হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে ফিফার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও সংস্থাটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের মধ্যে নাম প্রত্যাহার করলে ২০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ২৪ হাজার মার্কিন ডলার জরিমানার বিধান রয়েছে।

গত বছর কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র শেষ ৩২ দল পর্যন্ত লড়াই করেছিল। উল্লেখ্য, ২০২৯ সাল পর্যন্ত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়মিতভাবে কাতারেই আয়োজনের পরিকল্পনা রয়েছে।