যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি বহুতল ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। একই ঘটনায় পাশের আরেকটি ভবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে সাত শিশুও রয়েছে।
স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার কিছু পর ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে তিনতলা ভবনটি ধসে পড়ে। নিউইয়র্ক পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এতে করে সংলগ্ন ১৩২৩ নম্বর ভবনের এক পাশের সিঁড়িঘর ও ভেতরে থাকা অ্যাপার্টমেন্টের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে বাসিন্দারা অবস্থান করছিলেন। ধসের মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চালকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনের পাশের খালি জায়গায় নির্মাণকাজ চলছিল। ভবন ভেঙে পড়ার পর নির্মাণাধীন এলাকা ও ক্ষতিগ্রস্ত অংশ থেকে বেশ কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে আড়াই শতাধিক দমকল ও জরুরি চিকিৎসাসেবাকর্মী উদ্ধারকাজে অংশ নেন। কাছাকাছি অবস্থানরত একটি ফায়ার সার্ভিস দল ধসের এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। তবে ধসের এলাকায় আর কতজন নিখোঁজ আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর। খবর পেয়ে ২৫০ জনের বেশি দমকলকর্মী ও জরুরি চিকিৎসাসেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছান।
এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে অত্যন্ত চ্যালেঞ্জিং ও দ্রুত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ধ্বংসস্তূপের বিপজ্জনক অবকাঠামো ও মাটির নিচের ঝুঁকিপূর্ণ ফাঁকা জায়গা পেরিয়ে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এ ধরনের জটিল অভিযানের জন্য ফায়ার ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া থাকে। দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ক্ল্যারেনডন রোড থেকে বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়ে যানবাহন চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি যানজট ও সড়ক বন্ধ থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

