ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধে একটি প্রশ্ন বারবার সামনে আসে—প্রথমে কে ছাড় দেবে? অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে তেহরান কি তাদের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনবে, নাকি ওয়াশিংটন আগে নিষেধাজ্ঞা শিথিল করবে? দুই দশকেরও বেশি সময় পার হলেও এই সংকটের কোনো স্থায়ী সুরাহা হয়নি। তবে বর্তমান পরিস্থিতির বিচারে এখন প্রশ্নটি অন্যভাবে দেখার সময় এসেছে। মূলত কে আগে পদক্ষেপ নেবে, তা বড় বিষয় নয়; বরং দুই পক্ষ কীভাবে একই সময়ে এগিয়ে আসতে পারে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনা এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দেয়, তবেই তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার বিষয়ে ভাববে। তেহরানের মতে, চাপ প্রয়োগের পরিবেশে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, কূটনৈতিক আলোচনার টেবিলে পারমাণবিক কর্মসূচির বিষয়টি শুরু থেকেই অন্তর্ভুক্ত থাকতে হবে। এই দুই অবস্থানের মাঝখানে বর্তমান আলোচনার মূল সংকটটি আটকে আছে, যেখানে উভয় পক্ষই আগে আস্থা তৈরির পদক্ষেপ প্রত্যাশা করছে।
ইতিহাস থেকে শিক্ষা নিলে বোঝা যায়, পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতেই এই সমস্যার সমাধান সম্ভব। ২০১৩ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল, তা ছিল এর বড় উদাহরণ। তখন উভয় পক্ষ সীমিত ও পরিবর্তনযোগ্য কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে স্বাক্ষরিত হয় জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ। এই চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ বাড়ানো হয়। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।
এই চুক্তি একবারে কার্যকর হয়নি, বরং ধাপে ধাপে এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০১৫ সালের জুলাইয়ে চুক্তির পর অক্টোবরে প্রস্তুতির কাজ শুরু হয় এবং ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের প্রাথমিক প্রতিশ্রুতি পালনের বিষয়টি যাচাই করে। এই যাচাইয়ের পরেই ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আবার নিষেধাজ্ঞা আরোপ করলে পুরো প্রক্রিয়ায় বড় ধরনের ছেদ পড়ে। এই ঘটনা ইরানের নীতিনির্ধারকদের মনে এই ধারণা দিয়েছে যে, শুধু কারিগরি শর্ত পালনই যথেষ্ট নয়; বরং রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের মধ্যেও চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করা জরুরি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নিজস্ব উদ্বেগ রয়েছে। দেশটির নীতিনির্ধারকদের মতে, পারমাণবিক কর্মসূচিতে যাচাইযোগ্য সীমাবদ্ধতা আরোপ না করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান পরবর্তীতে সক্ষমতা বাড়ানোর সুযোগ পেতে পারে। এছাড়া এটি আলোচনায় যুক্তরাষ্ট্রের দরকষাকষির ক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে এসব মতপার্থক্য সত্ত্বেও সমঝোতার পথ একেবারে রুদ্ধ নয়। এর সমাধান হলো আরও শক্তিশালী ও স্বচ্ছ যাচাইব্যবস্থা গড়ে তোলা।
বিশ্লেষকদের পরামর্শ অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্দিষ্ট কয়েকটি ধাপে যুক্ত করা যেতে পারে।
মধ্যস্থতাকারী হিসেবে কাতার যোগাযোগের দায়িত্ব নিতে পারে এবং পারমাণবিক কর্মসূচির কারিগরি দিকগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে যাচাই করা সম্ভব।
মূল নীতিটি হওয়া উচিত সহজ ও পরিমাপযোগ্য—ইরান কোনো পদক্ষেপ নিলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র কী করবে তা আগে থেকেই নির্ধারিত থাকবে। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিটি ছাড়ের বিপরীতে ইরানের কাছ থেকেও নির্দিষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। আলী সারি, ইরানের সাবেক সংসদ সদস্যের মতে, বর্তমান জটিল পরিস্থিতিতে পারস্পরিক দোষারোপের চেয়ে একই সাথে সমঝোতার পথে হাঁটাই হবে কার্যকর কৌশল।

