গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে তারা মহাসড়কে অবস্থান নেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।