জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন তিনি। তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আজ থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সফরকালে প্রধানমন্ত্রী দুটি পৃথক পর্বে বক্তব্য রাখবেন। সম্মেলনের ব্যস্ত সূচির পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় এই মঞ্চে বাংলাদেশের পক্ষ থেকে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে কার্যকর, সহজলভ্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়ে বাংলাদেশ জোর দাবি জানাবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত এই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এর মধ্যে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন নিঃসরণ হ্রাস এবং ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ কমিয়ে আনার মতো বিষয়গুলো আলোচিত হবে। এছাড়া প্যারিস চুক্তির আলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়েও এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।