এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধা ও কার্যকারিতা

মেরুদণ্ডের বিভিন্ন জটিলতার চিকিৎসায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি বর্তমান সময়ের একটি অত্যন্ত কার্যকর ও আধুনিক পদ্ধতি। এটি মূলত একটি ন্যূনতম ইনভেসিভ সার্জিক্যাল প্রক্রিয়া, যা প্রচলিত ওপেন সার্জারির তুলনায় রোগীদের জন্য অনেক বেশি সুবিধাজনক। এই সার্জারির সবচেয়ে বড় দিক হলো এর ক্ষুদ্র কাটা দাগ। সাধারণত মাত্র ১০ মিলিমিটার জায়গা কাটার মাধ্যমেই পুরো অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হয়। এর ফলে পার্শ্ববর্তী পেশি ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে না, যা দ্রুত সুস্থ হওয়ার পথ প্রশস্ত করে।

অস্ত্রোপচার পরবর্তী ব্যথা ও দীর্ঘমেয়াদী শারীরিক কষ্টের ভয় অনেকের মধ্যেই থাকে। এন্ডোস্কোপিক পদ্ধতিতে টিস্যুর ওপর চাপ কম পড়ায় অস্ত্রোপচারের পর ব্যথা অনেক কম অনুভূত হয়। এতে করে রোগীকে ব্যথানাশক ওষুধের ওপর নির্ভরশীল হতে হয় না। সফল অস্ত্রোপচারের পর একজন রোগী সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে রোগীকে একই দিনে অথবা একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়, যা প্রচলিত ওপেন সার্জারির তুলনায় অনেক দ্রুত কর্মজীবনে ফেরার সুযোগ তৈরি করে। ব্যথা কমানোর জন্য কম মাত্রার ওষুধ প্রয়োজন হয়। বেশির ভাগ ক্ষেত্রে একই দিনে বা এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যায়।

নিরাপত্তার ক্ষেত্রেও এই সার্জারি এগিয়ে। ছোট কাটা হওয়ার কারণে রক্তক্ষরণ যেমন নগণ্য থাকে, তেমনি সংক্রমণের ঝুঁকিও কমে আসে। এই পদ্ধতিতে জেনারেল অ্যানেসথেসিয়ার প্রয়োজন হয় না, ফলে বয়স্ক ব্যক্তি বা হার্টের সমস্যায় থাকা রোগীদের জন্য এটি একটি নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে। লুম্বার ডিস্ক হের্নিয়েশন, স্পাইনাল স্টেনোসিস, ফ্যাসেট সিনড্রোম বা রেকারেন্ট ডিস্ক হের্নিয়েশনের মতো জটিলতায় এটি একটি কার্যকর সমাধান।

শরীরের নিজস্ব পুনরুদ্ধার বা সেলফ-হিলিং ক্ষমতা বজায় রাখতেও এন্ডোস্কোপিক পদ্ধতি অনন্য। ওপেন সার্জারির তুলনায় মেরুদণ্ডের স্বাভাবিক কাঠামো অক্ষত থাকায় এটি দীর্ঘমেয়াদে রোগীদের স্বাচ্ছন্দ্য প্রদান করে। অনেক সময় ওপেন সার্জারির পর সমস্যা পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকলেও এন্ডোস্কোপিক সার্জারিতে সেই ঝুঁকি অনেক কম। এমনকি ভবিষ্যতে যদি রিভিশন সার্জারির প্রয়োজন হয়, তবে সেটিও এই পদ্ধতিতে তুলনামূলকভাবে সহজে করা সম্ভব। লেখক: নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।