কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ীর জন্য থাকছে এক মিলিয়ন রিয়াল

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক শাখা ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট-এর তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা প্রতিযোগিতায় ১৯টি দেশের মোট ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

গত সোমবার থেকে শুরু হওয়া এই আসরের প্রথম পর্ব চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের পারফরম্যান্স উপস্থাপন করেন। এবারের এই বিশ্বমানের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুআজ মাহমুদ। আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে এবং ১৬ ও ১৭ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এবারের আসরে চূড়ান্ত বিজয়ী হিসেবে ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বমানের হাফেজরা জানান, পবিত্র কুরআন মুখস্থ করার ফলে তাদের ব্যক্তিত্বে এক অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং এর পাশাপাশি তাদের মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

নিয়মিত তিলাওয়াত ও অনুশীলনের মাধ্যমে স্মৃতিশক্তি প্রখর হওয়ার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে তারা আরও পরিপক্ব হয়ে উঠেছেন। প্রতিযোগীরা জানিয়েছেন, কুরআন হিফজের এই কঠিন যাত্রায় তাদের বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিনই মূলত সাফল্যের মূল চাবিকাঠি। এছাড়া কুরআন কেবল তাদের ভাষাগত ও আরবি ভাষার দক্ষতা বাড়ায়নি, বরং জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ইতিবাচক চর্চাকেও বেগবান করেছে।