পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬ জন

পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। মানিকগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা, অপহরণ, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণের বিষয়ে জানতে চেয়েছিলেন। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা সদস্য। এ ছাড়া এই পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার আক্রমণ চালিয়েছে বলে জানানো হয়।

তৎপরতা পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে ওই অঞ্চলে ২৯৭টি অপহরণের ঘটনা, ৪৭১টি চাঁদাবাজির ঘটনা এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে। এলাকাটিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবি সমন্বিতভাবে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করেছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল করতে যৌথ বাহিনী নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রয়োজনে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।