জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের জোরালো সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা ও সমর্থন অত্যন্ত জরুরি।
এ সময় রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের অবদানের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। দীর্ঘ আলোচনার পর উভয় নেতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী তুর্কি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করা প্রয়োজন। এ খাতে যৌথ বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন। এছাড়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও খনিজ সম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বড় ধরনের বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি এই বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় উন্নত রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকটিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, যা ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে।

