হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, প্রায় ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সম্মেলনে তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার দিনব্যাপী বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকগুলো সম্পন্ন করেছেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। এছাড়াও ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তান, কুয়েত ও মলদোভার প্রধানমন্ত্রী এবং ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়ে বিশ্বনেতারা আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্টও দ্রুত বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের পুনর্গঠন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিন সংকট প্রসঙ্গে ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি স্পষ্ট করা হয়। এছাড়া দীর্ঘ দিন লন্ডনে অবস্থানের সুবাদে লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক বৈঠক হয়েছে। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালে তিনি আগামী বছরের কোনো এক সময় সফরের আশ্বাস দিয়েছেন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর তৈরির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ। হুমায়ুন কবির জানান, এ সমস্যার টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা জরুরি। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ যেকোনো ইতিবাচক উদ্যোগের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।