আঞ্চলিক অস্থিরতা এবং নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমবর্ধমান অবিশ্বাসের প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) কুয়েতে একটি নতুন যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মঙ্গলবার এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি জানান, প্রস্তাবিত এই কেন্দ্রে উপযুক্ত বাহিনী মোতায়েন করা হবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে। জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে।
ছয়টি উপসাগরীয় দেশের এই জোট ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। তবে এই প্রতিরক্ষা প্রতিশ্রুতি ন্যাটো জোটের মতো অতটা শক্তিশালী নয়। এর আগেও বিভিন্ন সময় সদস্য রাষ্ট্রগুলোর ওপর আঘাত এলেও জোটটি কার্যকর সাড়া দিতে ব্যর্থ হয়েছে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলা কিংবা সৌদি আরবে হুথিদের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় জিসিসির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে।
কুয়েতে এই কমান্ড কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়েও নানা মহলে আলোচনা চলছে। ইরান ও তেহরানপন্থী ইরাকি মিলিশিয়াদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কুয়েত ঐতিহাসিকভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে। যুদ্ধের আগে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটিতে অবস্থিত ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরান অতীতে বড় ধরনের হামলাও চালিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যখন নিজস্ব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তখন এই কমান্ড কেন্দ্রটি কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উপসাগরের বাঁকে অবস্থানের কারণে যুদ্ধের সময় ইরান ও ইরাকি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় দেশটি বিশেষভাবে ঝুঁকিতে ছিল। যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটি রক্ষা করতে পারেনি, সেখানে জিসিসি কীভাবে একটি কমান্ড কেন্দ্র রক্ষা করবে, তা স্পষ্ট নয়।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার জন্য এখন বিকল্প অংশীদারদের দিকে ঝুঁকছে। সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি সক্রিয় করেছে এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক গভীর করছে। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় সৌদি আরব, কাতার ও আমিরাত ইরানে হামলা না চালানোর অনুরোধ জানালেও যুক্তরাষ্ট্র তাতে কান দেয়নি। এর ফলে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁিগুলো উল্টো ঝুঁকির মুখে পড়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সামরিক উপস্থিতি দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

