রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কপ৩১-এর সাইডলাইনে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশের সরকারপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ ও ব্যাপক হারে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের তথ্যও তিনি তুলে ধরেন। এ সময় দুই দেশের কৃষিখাতের উন্নয়ন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলিয়ার সক্রিয় সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও দেশটিতেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কপ৩১-এ অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই নেতা একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া আমন্ত্রণে সাড়া দিয়ে তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।