কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে নুসরাত জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে রাত ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা ও ধরণ দেখে এটি পেট্রল বোমার আঘাত বলেই মনে করছেন তিনি, যদিও চূড়ান্ত সত্যটি তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।
ঘটনার বিবরণ দিতে গিয়ে নুসরাত জানান, তার এই পৈতৃক বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করত এবং বাড়িটির দেখভাল করত। নুসরাত বলেন, এই বাড়িতেই তিনি ও তার ভাই বেড়ে উঠেছেন, এটি তার দাদার হাতে তৈরি বসতবাড়ি। হামলার সময় সেখানে তার গবাদিপশুর খামারও ছিল। দুর্ভাগ্যবশত, এই পেট্রল বোমা হামলার ঘটনায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং খামারের বেশ কিছু গবাদিপশু মারা গেছে। অগ্নিকাণ্ডে বাড়িটির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে নুসরাত জানান, ঘটনার পর খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘণ্টা পর।
ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলামত সংগ্রহের কাজ ঠিকমতো শুরু হয়নি। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে।
এছাড়া দৌলতপুর উপজেলায় দমকল বাহিনী না থাকায় আগুন নেভাতে দেরি হয়, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো অজুহাত বা অস্বীকার করার প্রবণতা তিনি আশা করেন না, কারণ তাদের হাতে যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কেউই নিরাপদ নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় সাধারণ ড্রাইভার আহতের ঘটনার মতোই তার বাড়িতেও একই কায়দায় হামলা চালানো হয়েছে। তিনি মনে করেন, যদি দায়িত্বশীল ব্যক্তিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, তবে তাদের পদত্যাগ করা উচিত। শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বলে বা বাস্তবতা অস্বীকার করে যে অবনতিশীল পরিস্থিতির পরিবর্তন হবে না, তা তিনি স্পষ্ট করে দেন। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ।
হামলার দায়ভার সম্পর্কে নুসরাত বলেন, ঘটনার আগে তিনি আওয়ামী লীগের নেতাদের এবং পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। হামলার পর তারাই বিভিন্ন ফেসবুক পোস্টে এ ঘটনার দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করছে। বিষয়টি নিছক ক্রেডিট নেওয়ার চেষ্টা হতে পারে, তবে তাদের এই উল্লাস তিনি জনগণকে জানাতে চান। তবে স্থানীয় এলাকাবাসীকে তিনি এই হামলার জন্য দায়ী মনে করেন না। তার ভাষায়, এটি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগেরই কাজ বলে তিনি মনে করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবের উদ্দেশে নুসরাত প্রশ্ন রাখেন, এ ধরনের নাশকতার ক্ষেত্রে রাষ্ট্র আসলে কতটুকু দায়িত্ব নিতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এই হামলার কোনো যোগসূত্র আছে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নাশকতা বা জ্বালাও-পোড়াও করে মানুষের ঘরবাড়ি ধ্বংস করে কেউ কখনো ক্ষমতায় ফিরতে পারে না।

