আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোতায়েন হওয়া বাহিনীর মধ্যে সিংহভাগ বা ৫৬ প্লাটুন বিজিবি সদস্য শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজিবির মোতায়েনকৃত অন্যান্য এলাকার মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য রয়েছেন। এছাড়া প্রয়োজনে মাঠে নামানোর জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন।

