কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ইতিহাসভিত্তিক আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ছিল অন্যতম আকর্ষণ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। এরপর অধ্যক্ষ জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়া সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১১টায় স্কুল মিলনায়তনে শুরু হওয়া দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি ও মুখ্য আলোচকসহ অন্যান্য বক্তারা সিপাহী-জনতার সম্মিলিত ভূমিকা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেদিনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মে. জে. জিয়াউর রহমানকে মুক্ত করার প্রেক্ষাপট এবং তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনৈতিক ধারার শুরুর বিষয়টি বক্তৃতায় উঠে আসে। সভায় আব্দুল মতিন পাটোয়ারী, মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপাধ্যক্ষ মুহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু শামা এবং শিক্ষার্থী আফিয়া আনজুম ও রেজোয়ান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিবেশিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের দলীয় সংগীত, নৃত্য ও পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ দিবসটিকে কেন্দ্র করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও ঐক্যের মূল্যবোধ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

