রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে রূপান্তরিত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে ক্ষমতা থেকে ছিটকে পড়া এবং পালিয়ে যাওয়া এই দলটি এখন রাজনৈতিক দল হিসেবে জনসমর্থন বা স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়। তিনি আরও বলেন, নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট শক্তি বা মাফিয়া গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে আর কখনো রাজনীতিতে ফেরার নজির নেই। তাই নিষিদ্ধ ঘোষিত এই দলটির বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরা অসম্ভব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার ফেরার বিষয়টি কেবল বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেই হতে পারে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার করা হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে; কখনো নভেম্বর, ডিসেম্বর আবার ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব বিষয় নিয়ে সরকারের কোনো চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান নিয়ে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছে। এদের ফাঁদে পা না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কখনোই এ ধরনের ধ্বংসাত্মক অপতৎপরতা মেনে নেবে না। সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

