রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয়েছে। টানা ৩০ ঘণ্টা পরিচালিত এই কার্যক্রমে গড়ে ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকা মূল্যের বিদ্যুৎ যুক্ত হয় জাতীয় সঞ্চালন লাইনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫টা ৫ মিনিটে এ দফায় গ্রিডে বিদ্যুৎ দেওয়া বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইনের সূত্রগুলো জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট থেকে রূপপুরের প্রথম ইউনিটটি দ্বিতীয়বারের মতো গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া শুরু করে। প্রাথমিক পরিকল্পনায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও পারফরম্যান্স অনুকূলে থাকায় নির্ধারিত সময় ছাড়িয়ে টানা ৩০ ঘণ্টা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।
প্রকল্প সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা এই সফলতা রূপপুরের প্রযুক্তিগত প্রস্তুতি ও পরিচালন দক্ষতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। সফল পরীক্ষামূলক সরবরাহ শেষে বর্তমানে ইউনিটটিকে গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এনপিসিবিএল জানিয়েছে, বিদ্যুৎ পরিচালনকালীন টারবাইন-জেনারেটর এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতির ডেটা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে, যার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য অর্জন বলে মনে করছেন তারা।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এই অর্জনকে অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেছেন। তিনি জানান, টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা প্রতিষ্ঠানটির পরিচালন সক্ষমতা, বাংলাদেশি প্রকৌশলী ও অপারেটরদের অভিজ্ঞতা এবং রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টার এক অনন্য উদাহরণ।

