ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো অষ্টম কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সোমবার অষ্টম কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে দুই নেতার এই বৈঠকটি অত্যন্ত গুরুত্ব বহন করে।

সংলাপের মূল আলোচ্যসূচিতে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ এবং খনিজ প্রক্রিয়াকরণ বা ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার, সমুদ্রপথে নৌচলাচলের স্বাধীনতা এবং লাতিন আমেরিকায় যৌথ উদ্যোগের নতুন ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমন্বয় এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

কাতারের প্রতিনিধিদলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি, ড. খালিদ বিন ফাহাদ আল খাতের, আবদুল্লাহ বিন ঈদ আল সুলাইতি, সারা আবদুল্লাহ আল সাদি, ড. হামাদ বিন মোহাম্মদ আল মুফতাহ এবং শেখ আহমেদ বিন মোহাম্মদ আল থানি উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে অংশগ্রহণ করেন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, মুখপাত্র টমাস পিগট, রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট, নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস।