যশোরের বেনাপোল স্থলবন্দর সংলগ্ন শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে সোমবার রাত একটার দিকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তারা আহত হন। আহতরা হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বন্দর কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে। একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে এবং লোকমানের বাঁ পায়ে জখম হয়। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বিস্ফোরণে আহত ব্যক্তিরা চিকিৎসাসেবা শেষে বাড়ি ফিরেছেন। তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি, তবে ঘটনার তদন্ত চলছে।
এদিকে হামলার বিচার দাবিতে ও ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর বারোটার দিকে উত্তাল হয়ে ওঠে বেনাপোল এলাকা। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

