দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্টের প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য খাতের সার্বিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন।
সাক্ষাতকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা বিষয়ক বছরব্যাপী একটি বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।
মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে এবং জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার বছরজুড়ে কর্মসূচি হাতে নিয়েছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রচার এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রয়োজনীয় তথ্য প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো মৌলিক ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিগত সরকারের আমলে চরম অবহেলার শিকার ছিল। বর্তমান সরকার এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, নতুন জনবল নিয়োগ এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি হেলথ কার্ডের মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
বৈঠকটিতে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

