পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগানকে সামনে রেখে গত ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। গত শনিবার, ২১ নভেম্বর উৎসবের সমাপনী ও বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেধার লড়াইয়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে সারাদেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক বিতার্কিক ও বিচারক অংশ নেন।

পুরো উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেইউডিওর সভাপতি আল লুবান। এছাড়া বিভিন্ন পর্যায়ের আয়োজনে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন বর্ণ সাহা বিশাল (বিশ্ববিদ্যালয় পর্যায়), হাসিব বিন আবদুল হাই (কলেজ পর্যায়) এবং দুর্বার শামিত আদি (স্কুল পর্যায়)। নয় দিনব্যাপী এই আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। উৎসবের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর বিতর্কচর্চা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)। অন্যদিকে ১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। এই পর্যায়ে রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)। এর আগে সেমিফাইনালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (এসিসিডিসি) এবং রাজউক কলেজ ডিবেট ক্লাব (আরসিডিসি) প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।

বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় ব্যক্তিগত সাফল্যের স্বাক্ষর রেখেছেন অনেকে।

স্কুল ও কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা। প্রথম রানার্সআপ হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানভীর রায়ান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন একই প্রতিষ্ঠানের মির্জা মুক্তাদির মাহদি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা। প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত এবং যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান ও তাসফিকুর রশিদ তূর্য।

জেইউডিওর ভাষ্যমতে, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতামূলক মঞ্চ নয়, বরং এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। এই উৎসবের মধ্য দিয়ে সারাদেশের তরুণদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে একত্রিত করার প্রয়াস চালানো হয়েছে।

পুরো আয়োজনের সফল সমাপ্তিতে জেইউডিও সংশ্লিষ্ট সব বিতার্কিক, বিচারক, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার, অ্যাসোসিয়েট পার্টনার এবং লজিস্টিকস পার্টনার উত্তরণকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। এই আয়োজনকে সফল করতে যেসব গণমাধ্যম, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, জেইউডিওর পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।