গাজীপুরের শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে প্রায় পৌনে এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। সকালের দিকে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এরপর লাঠিসোঁটা হাতে মিছিল বের করে শ্রমিকরা মহাসড়কে জড়ো হন। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আশপাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যান এবং সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের হটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা।

