খুলনার তেরখাদা উপজেলায় মাফিজুর রহমান (৪৭) নামের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার বাম হাত, ডান পা এবং পাঁজরের নিচে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

