
মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। কয়েক হাজার জামায়াত নেতাকর্মী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর সেখানে আয়োজিত এক সমাবেশে জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নেতাদের বিচারিক হত্যার মাধ্যমে দমন করেছে। তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সাজানো মামলায় আদালত এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং এর মাধ্যমে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে।
নেতাকর্মীরা আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পর তার গঠিত ট্রাইব্যুনালও অবৈধ হয়ে গেছে। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী সরকারের সেই ট্রাইব্যুনালের রায় বাতিল করে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, আজহারুল ইসলামকে মিথ্যা অভিযোগে বন্দি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা অবিলম্বে তার মুক্তি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।