কাতারে সুন্নাহর গুরুত্ব প্রচারে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে তা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরার লক্ষ্যে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। ‘বায়দা…

মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই প্রচারাভিযানটি ২ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এর মাধ্যমে ইসলামি শরিয়তের অন্যতম উৎস হিসেবে সুন্নাহর অবস্থান, কোরআনের সঙ্গে এর সম্পর্ক এবং রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্যের অপরিহার্যতা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

জুমার খুতবায় বিশেষ আলোচনা

মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে জুমার খুতবা অত্যন্ত কার্যকর। এ প্রচারাভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক খুতবাগুলোতে বিশেষ কিছু বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে

  • ৬ নভেম্বর: ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা।
  • ১৩ নভেম্বর: ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শিরোনামে সচেতনতামূলক বয়ান।

খুতবাগুলোতে দৈনন্দিন আর্থিক লেনদেন ও সামাজিক আচরণের ক্ষেত্রে নবীজির শিক্ষা অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সততা বজায় রাখা, পরিমিতিবোধ প্রদর্শন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরনের অপচয় থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। মূলত ইসলামের নীতিমালাকে বাস্তব জীবনে অনুসরণের উপযোগী করে তোলা এবং সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাসে সুন্নাহর চর্চা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।