চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের কর্মকর্তারা। গত ১৫ নভেম্বর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করার পর থেকেই তাকে সিএমপির এসআরইউ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার সন্ধ্যা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও এসআরইউর পরিদর্শক রাসেল মাহমুদ। কার্যত গতকাল পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা মুখ খুলেননি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে বেশ কিছু সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। বিশেষ করে তার মোবাইল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ তালিকা থেকে পুনর্বাসন সংক্রান্ত পাঠানো বিভিন্ন ক্ষুদে বার্তার বিষয়ে তিনি নিরবতা পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের টেলিগ্রাম গ্রুপে সক্রিয় ছিলেন বলেও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, যা মামলার এজাহারেও উল্লেখ রয়েছে। ‘ডিসেম্বরে মাঠে নামা’ কিংবা ‘মৌমাছির মতো জনগণ মাঠে নামবে’—এমন প্ররোচনামূলক বার্তাগুলো কেন এবং কার কাছে পাঠানো হয়েছিল, সেই রহস্য উদঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে জাহাঙ্গীর আলম এসব প্রশ্নের উত্তর বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, রিমান্ডের মূল লক্ষ্য হলো এই পুরো ষড়যন্ত্রের নেপথ্যের মূল পরিকল্পনা এবং এর উৎস খুঁজে বের করা। বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে, তাদের চিহ্নিত করা এখন জরুরি। এছাড়া জাহাঙ্গীর আলমকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছেন, সেই সহযোগীদের খুঁজে বের করাও তদন্তের অন্যতম উদ্দেশ্য। পুরো ঘটনার পেছনে দেশি-বিদেশি কোনো কুচক্রী মহল বা সংস্থার হাত রয়েছে কিনা, তা নিশ্চিত করতে মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা বা কুচক্রী মহলের হাত রয়েছে কিনা- তা পরিষ্কার করা।
এদিকে এসপি জাহাঙ্গীর আলম গ্রেফতার হওয়ার পর চট্টগ্রামসহ সারা দেশে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মামলার তদন্তাধীন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই মুহূর্তে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি দায়িত্বশীল কর্মকর্তারা। পুরো ঘটনার রহস্য উন্মোচনে ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

