ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক বন্দরনগরীতে গভীর রাতে সামরিক ধাঁচের এক হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সিরিক শহরে অজ্ঞাত ‘শত্রুপক্ষের’ এ হামলার খবর সরকারি সূত্র নিশ্চিত করেছে। তবে এই সামরিক হামলায় কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয় সময় গভীর রাতে ওই এলাকায় পরপর কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের ঠিক কিছু সময় আগেই এই বিস্ফোরণগুলো ঘটে। তবে বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। কিছু সূত্রের ধারণা, সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে কোনো জাহাজের ওপর সতর্কতামূলক গুলিবর্ষণের ফলে এমন বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে।
ইরানের কর্মকর্তারা সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা বোঝাতে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। এর আগে আধা-সরকারি সংস্থা তাসনিম জানিয়েছিল, সিরিক কাউন্টিতে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিক শহরটি হরমুজ প্রণালির পূর্ব পাশে অবস্থিত, যা পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান।
এদিকে, ইরানের এই উপকূলীয় এলাকায় হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। হামলার ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ চলছে, তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিস্তারিত ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করেনি।

