চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামক একটি সংগঠনের সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই বাসায় উত্তপ্ত বাক্যবিনিময় ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, কামাল উদ্দিন কর্ণফুলী উপজেলার স্থায়ী বাসিন্দা নন। তিনি মূলত সাতকানিয়া উপজেলার অধিবাসী এবং গত দেড় মাস ধরে সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার রাতে কিছু স্থানীয় মানুষ তাঁর ভাড়া বাসায় গেলে সেখানে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ওসি।
পুলিশ জানিয়েছে, এম কামাল উদ্দিনকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বর্তমানে কেবল নিরাপত্তার খাতিরে তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ওসি নূর আহমেদ আরও জানান, স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তাঁর কর্মকাণ্ড নিয়ে কিছু অভিযোগ পুলিশের কাছে এসেছে। সেসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এম কামাল উদ্দিন পেশাগতভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের রাজনৈতিক পরিচয় ও কার্যক্রম নিয়ে তিনি আলোচনার জন্ম দিলেও, আপাতত স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

