পুলিশ বাহিনীর অভ্যন্তরেই এখন এক গভীর অবিশ্বাস ও সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু সদস্য ও কর্মকর্তা সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা এবং তা কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে ষড়যন্ত্র চলছে, তাতে পুলিশের এসব সদস্য ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পাশাপাশি এই কর্মকর্তাদের ব্যবহার করে নাশকতার ছক কষছেন। সাম্প্রতিক সময়ে কয়েক জন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়টি সামনে আসার পর সরকারও বেশ বিব্রত। সর্বশেষ এই অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন।
গোয়েন্দা ও পুলিশ সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের একটি বড় অংশকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এই তালিকায় প্রায় ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ থাকার অভিযোগে আরও কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। মূলত, গত সরকারের আমলের সুবিধাভোগী অনেক কর্মকর্তা এখন বিএনপি সরকারের অনুগত সেজে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। কিন্তু আড়ালে তারা পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন। পুলিশের নীতিনির্ধারণী পর্যায় থেকে এসব তথ্য পাওয়ার পর তাদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তারের পর এসব কর্মকর্তার মোবাইল ফোন ফরেনসিক ও যাচাই-বাছাই করে সরকারবিরোধী কানেকশন ও নাশকতার প্রমাণও মিলেছে। এদিকে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বর্তমান সরকারের আমলেও তারা কৌশলে সুবিধা নিচ্ছেন।
আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের অতীত ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড ঘেঁটেও তথ্য বের করা হয়েছে। তাদের মধ্যে অনেকের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এমনকি তাদের চাকরিতে যোগদানের পেছনেও দলীয় সুপারিশের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বেশ কিছু কর্মকর্তার মুখোশ উন্মোচিত হয়েছে। তারা সরকারবিরোধী উস্কানি, ককটেল বিস্ফোরণ এবং জ্বালাও-পোড়াওয়ের মতো নাশকতাতেও ইন্ধন যোগাচ্ছেন। পলাতক নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে তারা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করার কাজও করছেন বলে অভিযোগ রয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।
পুলিশ ও গোয়েন্দা দপ্তরের শীর্ষ সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর পুলিশের ভেতর নজরদারি আরও জোরদার হয়েছে। এর আগে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথনের অডিও ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের কৌশলী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা কিছুটা চ্যালেঞ্জিং হলেও গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।
গোয়েন্দা সূত্রের দাবি, বিদেশ থেকে আওয়ামী লীগের বড় নেতারা কলকাঠি নাড়ছেন এবং তাদের নির্দেশেই পুলিশ বাহিনীর ভেতর থেকে এই সংঘবদ্ধ চক্র কাজ করছে। চক্রটির নেতৃত্বে রয়েছেন ওই আমলের দাপুটে ও প্রভাবশালী সিনিয়র কর্মকর্তারা, যারা গণ-অভ্যুত্থানের পর পালিয়ে গিয়েও অধীনস্থ কর্মকর্তাদের নাশকতার জন্য দিকনির্দেশনা দিচ্ছেন। এদের সবার তালিকা তৈরি করা হয়েছে এবং সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের ভেতরেই এমন সন্দেহ ও অবিশ্বাসের কারণে কেউ কাউকে ঠিকমতো বিশ্বাস করতে পারছেন না, যা বাহিনীর স্বাভাবিক কার্যক্রমেও এক ধরনের অস্থিরতা তৈরি করেছে।

