প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ। আর গোপালগঞ্জের আগের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হলো।
একইসাথে পুলিশ প্রশাসনের শীর্ষ পদেও রদবদল হয়েছে। ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ১৫ নভেম্বর (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, গোপালগঞ্জ শহরে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও ব্যাপক তাণ্ডবের ঘটনার প্রেক্ষিতেই জেলা প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তন এল। আজ (রোববার) হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট।

