ফেব্রুয়ারির মধ্যেই আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবি আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই তাদের এই কার্যক্রম সম্পন্ন হবে। কর্মসূচিটি বাস্তবায়নের পথ সুগম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।

আইএমএফের শর্তের কারণে কর্মসূচি থেকে পিছিয়ে পড়ার বিষয়টি নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, আগের কর্মসূচিটি ফ্যাসিস্ট সরকারের সময় নেওয়া হয়েছিল, যার অনেক বিষয় বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে জনগণের দুর্ভোগ বাড়ার পাশাপাশি অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সময়ের প্রয়োজন।

আমির খসরু আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সেই বাস্তবতাকে মাথায় রেখেই অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক সাজাতে হচ্ছে। বর্তমান সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কাজ করছে। আইএমএফের কর্মসূচিও সেই সমন্বিত পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ করা হচ্ছে বলে জানান তিনি।