কাজে যোগ না দিলে রোবটবার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ’র

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জানান, এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না।

মাহমুদ হাসান খান উল্লেখ করেন, শ্রমিক বিক্ষোভের কারণে ইতোমধ্যে ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। রোববার যেসব কারখানায় স্বাভাবিক উৎপাদন শুরু করা সম্ভব হবে না, সেগুলো প্রয়োজনে ১৩(১) ধারায় বন্ধ রাখা হবে।

মালিকপক্ষের পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিজিএমইএ সভাপতি জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে তাদের প্রস্তাবনা তুলে ধরা হবে। তবে কারখানা এলাকায় বিশৃঙ্খলা অব্যাহত থাকলে বোর্ডের আলোচনায় মালিকপক্ষ অংশ নেবে কি না, তা নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।