বিশ্বব্যাপী মাইক্রোসফটের সার্ভারে বড় ধরনের কারিগরি জটিলতায় আউটলুক ইমেইল, টিমস মিটিং টুলসহ বিভিন্ন সেবা অচল হয়ে পড়েছে। ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলমান এই বিভ্রাটে লাখো ব্যবহারকারী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যার শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে এর প্রভাব ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আউটলুক ব্যবহার নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণ বেশি। মাইক্রোসফট ৩৬৫ অ্যাপের ৪৩ কোটির বেশি ব্যবহারকারী এবং ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯০ শতাংশেরও বেশি যারা কোপাইলট এআই চ্যাটবট ব্যবহার করেন, তারা এই সংকটের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ আসে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ২ হাজার গুণ বেশি।
এই বিভ্রাটের প্রভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, বাংলাদেশ ও বৃটেনসহ বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সরকার ইমেইল সেবায় বিঘ্ন ঘটার কথা জানিয়ে জরুরি প্রয়োজনে বাসিন্দাদের ফোন করার পরামর্শ দিয়েছে। হংকংয়ের অর্থায়ন কেন্দ্রগুলোতে মরগান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাকসের কর্মীরা কাজের বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন। এছাড়া কিছু এয়ারলাইন্স ও ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো এআই পরিষেবাগুলোও সমস্যার সম্মুখীন হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি।
মাইক্রোসফট শুক্রবার সকালে জানিয়েছে যে, তারা সমস্যা সমাধানে আংশিক সাফল্য পেয়েছে। সার্ভারের কর্মক্ষমতা পর্যালোচনা ও ট্র্যাফিক অপটিমাইজেশনের মাধ্যমে স্থিতিশীলতা বাড়ানোর কাজ চলছে। মাইক্রোসফটের একজন নির্বাহী স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই বিভ্রাট কোনো সাইবার হামলার ফল নয়। এর আগে জানানো হয়েছিল, কিছু সার্ভার হঠাৎ অচল হয়ে যাওয়ায় অন্য সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ায় এই সংকট তৈরি হয়েছে। এই ঘটনা ইউরোপের দেশগুলোকে প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর বিষয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নিল শিয়ারিংয়ের মতে, ইউরোপের পুরো ইন্টারনেট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল এবং এর বড় কোনো প্রতিযোগী নেই।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট-এর উপদেষ্টা জেক মুর ব্যাখ্যা করেছেন, কিছু সার্ভার কাজ না করলে বাকিগুলোর ওপর অতিরিক্ত চাপ পুরো ব্যবস্থাকে ধীর করে দেয়। প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ডের মতে, আধুনিক ক্লাউড সিস্টেমের ওপর বৈশ্বিক নির্ভরশীলতা এবং এর ঝুঁকি এই বিভ্রাটের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে যে, এটি কোনো নিরাপত্তা ত্রুটির কারণে ঘটেনি, বরং কারিগরি সক্ষমতা ও সার্ভারের ওপর চাপের কারণেই বিশ্বজুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

