শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের সূত্রপাত হয়ে একের পর এক ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের মধ্যে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক রয়েছে। এই ধারাবাহিক সংঘর্ষে অন্তত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকায় ফিরছিলেন। তার গাড়িবহরের দুটি গাড়ি এই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য নিজে অক্ষত ও সুস্থ আছেন বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষে রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। মারাত্মকভাবে আহত ২০ থেকে ২৫ জনকে স্থানীয় হাসপাতাল থেকে ফরিদপুর ও ভাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

