সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। রবিবার (৮ নভেম্বর) সকাল দশটায় জেদ্দা সুপারডোমে এই চার দিনব্যাপী আয়োজনের পর্দা ওঠে। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে আগত প্রতিনিধিদের পাশাপাশি ৫২০টিরও বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। আয়োজনের মূল উদ্দেশ্য হলো আগামী হজ মৌসুমের প্রস্তুতি এগিয়ে রাখা, হজযাত্রীদের সেবার মান উন্নত করা এবং অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বিশেষ করে হজ কোটা নির্ধারণ ও দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা হজযাত্রীদের প্রয়োজন চিহ্নিত করা, সেবার মানোন্নয়নে কার্যকর সমাধান খোঁজা, অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রয়োজনীয় আয়োজন ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অন্যতম অংশ। ২০১৯ সালে চালু হওয়া এই পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য হলো হজ ও উমরা পালনকারীদের যাত্রা আরও সহজ, আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা।
মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি জানান, শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তিনি বলেন, আসন্ন হজের প্রস্তুতির জন্য এই সম্মেলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে সরকারি সংস্থা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও সমাধান নিয়ে এক কাতারে এসেছেন। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।
এবারের সম্মেলনের ৬৭ হাজার বর্গমিটার বিস্তৃত প্রদর্শনী এলাকাটিকে ১৫টিরও বেশি প্রধান জোনে ভাগ করা হয়েছে। সেখানে বিমান পরিবহন, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবনী সেবা ও প্রযুক্তি তুলে ধরছে। নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের পাশাপাশি হজযাত্রীদের সেবা সহজতর করার নানা বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা চলছে। এতে ১৫টির বেশি প্রধান জোন ও কর্মসূচি রয়েছে।
সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচিগুলো অবকাঠামো ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের মতো তিনটি মূল বিষয়ের ওপর আলোকপাত করছে।
প্রথমবারের মতো যুক্ত হওয়া ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম’ হজকর্মীদের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘মক্কা থেকে বিশ্বে’, যা সৌদি আরবের অভিজ্ঞতা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে নির্ধারণ করা হয়েছে। ‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্যে এ ফোরামের লক্ষ্য হজসংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং দায়িত্ব পালনের প্রস্তুতি আরও উন্নত করা।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টিরও বেশি সেবাসংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছিল। এসব আয়োজনে মোট ৩১০টির বেশি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দর্শনার্থীর সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। ড. গাসসান আলনুআইমি উল্লেখ করেন, শুধু আলোচনা বা সমঝোতা স্মারক নয়, বরং বাস্তবসম্মত চুক্তি ও সেবার গুণগত মান উন্নয়নই এই সম্মেলনের চূড়ান্ত সাফল্য।

